দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
আপডেট: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ এএম
মাদারীপুরের শিবচরে জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামের বসতঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কয়েক শ নারী-পুরুষ একত্র হয়ে তাঁর বসতঘরটি ভেঙে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাইজুল ইসলাম জামায়াতে ইসলামীর নিলখী ইউনিয়ন শাখার একজন নেতা ছিলেন। সম্প্রতি তাঁকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের একাংশের অভিযোগ,এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়তে থাকায় রোববার সকালে একদল নারী-পুরুষ একত্র হয়ে তাইজুল ইসলামের বসতঘরে ভাঙচুর চালান। একপর্যায়ে ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।তবে এ ঘটনায় বসতঘরটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভাঙচুরের সময় বাড়িতে কেউ ছিলেন কি না,সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও এ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর তাইজুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখা।
উপজেলা জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডসংক্রান্ত অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে তাইজুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী।
বসতঘর ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “বসতঘর ভাঙচুরের বিষয়ে আমার এখনো জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো'।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team